নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ |
‘ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’-এর নাম ও পদবী অবৈধভাবে ব্যবহারের অভিযোগে বহিষ্কৃত এক নেতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি জারি করেছে সংগঠনটির সোনারগাঁ থানা উত্তর শাখা।
সংগঠন সূত্রে জানা যায়, গত ১০ জানুয়ারি ২০২৬ তারিখে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, ঊর্ধ্বতন দায়িত্বশীলদের সঙ্গে শিষ্টাচার বহির্ভূত আচরণ এবং আনুগত্যহীনতার অভিযোগে আব্দুল্লাহ আল হাসিবকে সংগঠনের সকল স্তর থেকে বহিষ্কার করা হয়।

ওই সময় সোনারগাঁ থানা শাখার সভাপতি শাহ মু আব্দুল আজিজ ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী হুসাইন উপস্থিত ছিলেন।
বহিষ্কারের পরেও আব্দুল্লাহ আল হাসিব বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং পোস্টার-ব্যানারে নিজেকে ‘ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’-এর পদধারী হিসেবে পরিচয় দিয়ে আসছেন বলে অভিযোগ ওঠে। সংগঠনের দাবি, এ ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণ অবৈধ, অনৈতিক এবং প্রতারণার শামিল, যা সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে এবং সাধারণ জনগণকে বিভ্রান্ত করছে।
এ প্রেক্ষিতে সংগঠনটির পক্ষ থেকে এক জরুরি নোটিশে তাকে অবিলম্বে সকল সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংগঠনের নাম, লোগো ও বিভ্রান্তিকর পরিচয় মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে সংগঠনের কোনো পদ-পদবী ব্যবহার না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
নোটিশে আরও বলা হয়, সংগঠনের নাম ব্যবহার করে কোনো প্রকার আর্থিক লেনদেন বা ব্যক্তিগত সুবিধা গ্রহণের চেষ্টা করলে তার সম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তিকেই বহন করতে হবে। অন্যথায় সংগঠনের শৃঙ্খলা রক্ষা ও জনস্বার্থে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি প্রচলিত আইনে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
এ বিষয়ে সোনারগাঁ থানা উত্তর শাখার সহ-সভাপতি মুহাম্মদ আলী হুসাইন এবং সাধারণ সম্পাদক মো. আকরাম হোসাইন স্বাক্ষরিত নোটিশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।