সোনারগাঁ প্রতিনিধি:
অনাথ, অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য নিরাপদ আশ্রয়, শিক্ষার সুযোগ এবং সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রত্যয় নিয়ে দিনাজপুরের ফুলবাড়ীতে যাত্রা শুরু করল ‘আনন্দ মহল অনাথ আশ্রম’। আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (IHRC) ট্রাস্টের নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠিত এই আশ্রমকে ঘিরে স্থানীয় ও জাতীয় পর্যায়ের মানবাধিকারকর্মী এবং সমাজসেবীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় ফুলবাড়ী উপজেলার দক্ষিণ সুজাপুর এলাকায় বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আশ্রমটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দেশের বিভিন্ন জেলা থেকে আগত মানবাধিকারকর্মী, সমাজসেবক, সংগঠনের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা এতে অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। সমাজসেবক ও ফুলবাড়ী উপজেলা স্বর্ণ ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মো. শাহাদৎ আলী সাহাজুল ইসলাম আশ্রমটির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (IHRC) ট্রাস্টের দক্ষিণ এশিয়া ভাইস চেয়ারম্যান আব্দুর রহমান। সভাপতিত্ব করেন ট্রাস্টের দক্ষিণ এশিয়া কার্যকরী কমিটির আন্তর্জাতিক চেয়ারম্যান মো. আনন্দ মহল সরকার।
আয়োজকদের মতে, ‘আনন্দ মহল অনাথ আশ্রম’ কেবল অসহায় শিশুদের থাকার জায়গা নয়; বরং তাদের জীবনের সম্ভাবনাগুলো বিকশিত করার একটি মানবিক প্রয়াস। এখানে শিশুদের নিরাপদ আবাসনের পাশাপাশি মানসম্মত শিক্ষা, নৈতিক মূল্যবোধ, মানসিক বিকাশ এবং ভবিষ্যতে আত্মনির্ভরশীল হয়ে ওঠার উপযোগী পরিবেশ তৈরির পরিকল্পনা রয়েছে।
প্রতিষ্ঠানটির লক্ষ্য, সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুরা যেন দারিদ্র্য কিংবা পারিবারিক অসহায়ত্বের কারণে শিক্ষা ও স্বাভাবিক জীবনযাপনের অধিকার থেকে বঞ্চিত না হয়।
আশ্রমটির উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (IHRC) ট্রাস্টের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এর অংশ হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিল নারায়ণগঞ্জ জেলা কমিটির একটি প্রতিনিধিদল।
নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি শারমিন ইসলাম স্মৃতির নির্দেশনায় অনুষ্ঠানে অংশ নেন কমিটির সিনিয়র সহসভাপতি মো. তরিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ। তারা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রতিনিধিত্ব করেন।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, ‘আনন্দ মহল অনাথ আশ্রম’ সুবিধাবঞ্চিত শিশুদের জীবন বদলে দেওয়ার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি এ উদ্যোগ সমাজের বিত্তবান, মানবাধিকারকর্মী ও সচেতন নাগরিকদের শিশুদের কল্যাণে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।
শিশুদের অধিকার, নিরাপত্তা, শিক্ষা ও মানবিক মর্যাদা নিশ্চিত করার মাধ্যমে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার যে প্রত্যয় নিয়ে আশ্রমটির যাত্রা শুরু হয়েছে, তা বাস্তবায়িত হলে অনেক অসহায় শিশুর জীবনে নতুন আশার আলো জ্বলবে।
একটি নিরাপদ আশ্রয়, একমুঠো ভালোবাসা আর শিক্ষার আলো—এভাবেই বদলে যেতে পারে একটি শিশুর আগামী। সেই স্বপ্ন বাস্তবায়নের প্রত্যয় নিয়েই যাত্রা শুরু করল ‘আনন্দ মহল অনাথ আশ্রম’।