
সোনারগাঁও প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী এবং বিভাগীয় ও জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করা হয়।
সোনারগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা ও আইসিটি বিভাগের অতিরিক্ত জেলা প্রশাসক আলীনূর খান, সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম, সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বারিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাঈদুর রহমান এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার।
এ ছাড়া উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম রাশেদ, সোনারগাঁও উপজেলা বিএনপির নেতা ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাসুম রানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের রাজনৈতিক সচিব খাইরুল ইসলাম সজিব, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু এবং পৌর বিএনপির সভাপতি মো. শাজাহান মিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংসদ সদস্যের রাজনৈতিক সচিব খাইরুল ইসলাম সজিব বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের এই অর্জন সোনারগাঁওয়ের শিক্ষা অঙ্গনের জন্য গর্বের। ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থী বৃত্তি ও বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। যারা এবার বৃত্তি অর্জন করতে পারেনি, তাদেরও হতাশ না হয়ে আগামী দিনে আরও ভালো ফলাফলের জন্য চেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান শিক্ষার্থীদের সাফল্যের পেছনে অভিভাবক, বিশেষ করে মায়েদের ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি বলেন, সন্তানদের শিক্ষিত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে মায়েদের অবদান অনস্বীকার্য। শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠান শেষে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী এবং বিভাগীয় ও জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদকপ্রাপ্তদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত।
পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।