
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অভিযোগ ও মামলায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সোনারগাঁ থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, অভিযানে মাদক মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মাদক সংক্রান্ত অপরাধে আটজনকে ভ্রাম্যমাণ আদালতের আওতায় আনা হয়েছে এবং বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোনারগাঁ থানা পুলিশের এ বিশেষ অভিযানকে এলাকায় মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে চলমান কার্যক্রমের অংশ হিসেবে উল্লেখ করে পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ১২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে পুলিশি পাহারায় তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
সোনারগাঁ থানা পুলিশ সূত্রে আরও জানা গেছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং মাদকসহ সব ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযানের পাশাপাশি বিশেষ অভিযানও অব্যাহত থাকবে।
মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে সোনারগাঁ থানা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।