মোঃ অহিদুল্লাহ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
সন্ত্রাসবিরোধী মামলায় ৩, বৈষম্যবিরোধী মামলায় ২, মাদকসেবী ৫ জনসহ বিভিন্ন মামলায় গ্রেফতার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) থানা এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী মামলায় ৩ জন, বৈষম্যবিরোধী মামলায় ২ জন, মাদকসেবী ৫ জন, চুরি মামলায় ১ জন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ১ জনকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মাদকসেবী হিসেবে গ্রেফতার হন করিম সাহ (৩০), মিহাদুল (২২), রানা, ফয়সাল ও নাইম (২২)। তাঁদের মধ্যে কয়েকজন মেঘনা ঘাট ও ফ্রেশ কোম্পানি এলাকার বাসিন্দা এবং অন্যরা স্থানীয় বিভিন্ন এলাকার বাসিন্দা।
বৈষম্যবিরোধী মামলায় গ্রেফতার করা হয়েছে ফাহিম প্রধান (২৫) ও আবুল কাশেম মোল্লা (৬৫) নামের দুজনকে। পুলিশি তথ্য অনুযায়ী, ফাহিম সোনারগাঁ সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সক্রিয় সদস্য এবং আবুল কাশেম মোল্লা সোনারগাঁ পৌরসভার একটি ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি।
সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার হয়েছেন হযরত আলী (৬৪), শাহ আলম (৪৩) ও ইসমাইল হোসেন সিরাজী (৩৮)। তাঁদের মধ্যে ইসমাইল হোসেন সিরাজী যাত্রাবাড়ী থানা যুবলীগের ৪৯ নম্বর ওয়ার্ডের সঙ্গে সম্পৃক্ত বলে পুলিশ জানিয়েছে।
এ ছাড়া চুরি মামলায় পটুয়াখালীর মফিজুল গাজী (২২) এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় চাঁদপুরের সাদ্দাম হোসেন (৩৯) নামে আরও দুজনকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত ১২ জনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
সূত্র: সোনারগাঁ থানা পুলিশ।