
বিশেষ প্রতিনিধিঃ
চেয়ারম্যান নির্বাচিত হলে ক্ষমতার দাপট নয়, জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালনের অঙ্গীকার করেছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের জামায়াত সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মাদ শাহজালাল মিয়া। নিয়মিত অফিস করা, সরকারি বরাদ্দের অর্থের স্বচ্ছ ব্যবহার, দুর্নীতি-অনিয়ম বন্ধ এবং দল-মত নির্বিশেষে সবার জন্য সমান নাগরিক সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। পাশাপাশি মাদকমুক্ত, নিরাপদ ও মানবিক ইউনিয়ন গড়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে এলাকায় গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন শাহজালাল। সোমবার (৯ নভেম্বর) নিজের ফেসবুক পেজে ‘আমার নির্বাচনী অঙ্গীকার’ শিরোনামে প্রকাশিত এক প্রতিশ্রুতিপত্রে নির্বাচিত হলে ইউনিয়নবাসীর জন্য তাঁর পরিকল্পনার কথা তুলে ধরেন।
প্রতিশ্রুতিপত্রে শাহজালাল উল্লেখ করেন, চেয়ারম্যানের পদ ক্ষমতা ভোগ কিংবা ব্যক্তিগত সুবিধা নেওয়ার জায়গা নয়; এটি জনগণের দেওয়া পবিত্র আমানত। নির্বাচিত হলে সরকারি ছুটির দিন ও বিশেষ প্রয়োজন ছাড়া প্রতিদিন নির্ধারিত সময়ে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপস্থিত থেকে নাগরিকদের সেবা দেওয়ার অঙ্গীকার করেন তিনি।
জনসেবার ধারণা তুলে ধরে শাহজালাল বলেন, মানুষকে দয়া বা অনুগ্রহ করা নয়, বরং প্রত্যেক নাগরিকের প্রাপ্য অধিকার ও সরকারি সেবা নিশ্চিত করাই জনপ্রতিনিধির দায়িত্ব।
সরকারি বরাদ্দের অর্থ ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, জনগণের অর্থের অপচয়, আত্মসাৎ কিংবা কোনো ধরনের অনিয়ম হতে দেবেন না। উন্নয়ন বরাদ্দের প্রতিটি টাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে কাজ করবেন।
ওয়ার্ডভিত্তিক উন্নয়ন বরাদ্দ বণ্টনে রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার কথাও জানিয়েছেন এই প্রার্থী। তাঁর অঙ্গীকার, সংশ্লিষ্ট ওয়ার্ডের বরাদ্দ ওই ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্যের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। ইউপি সদস্য যে রাজনৈতিক দলেরই হোন না কেন, তাঁর ন্যায্য অধিকার ও দায়িত্বের প্রতি সম্মান দেখানো হবে।
নাগরিক সেবায় রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না বলেও জানিয়েছেন শাহজালাল। তাঁর ভাষ্য, দল-মত, ধর্ম-বর্ণ কিংবা রাজনৈতিক পরিচয়ের কারণে কেউ ইউনিয়ন পরিষদের সেবা থেকে বঞ্চিত হবেন না। সেবা নিতে এসে যাতে কেউ হয়রানি, অবহেলা কিংবা অসম্মানের শিকার না হন, সে বিষয়ে সতর্ক থাকবেন। ধনী-গরিব নির্বিশেষে সবার জন্য ইউনিয়ন পরিষদের দরজা খোলা থাকবে।
মাদকমুক্ত ও মানবিক ইউনিয়ন গড়ার পরিকল্পনায় মাদক বিক্রি ও বিস্তার রোধের পাশাপাশি সামাজিক নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। অভাবের কারণে কেউ যাতে ভিক্ষাবৃত্তিতে বাধ্য না হন, অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ না হয় এবং আর্থিক সংকটে কেউ যাতে বিনা চিকিৎসায় থাকেন, সে জন্য প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা করার কথা বলেছেন তিনি।
যোগাযোগব্যবস্থার উন্নয়ন প্রসঙ্গে শাহজালাল বলেন, ইউনিয়নের কোনো রাস্তা ভাঙাচোরা অবস্থায় এক সপ্তাহের বেশি ফেলে রাখা হবে না। পাশাপাশি মেঘনা থেকে চৌরাস্তা পর্যন্ত অটোরিকশা ও সিএনজি চলাচলের সড়ক নিরাপদ ও নির্বিঘ্ন করতে উদ্যোগ নেওয়া হবে।
সবশেষে তিনি বলেন, বড় বড় প্রতিশ্রুতি দিয়ে নয়, সততা, আন্তরিকতা, জবাবদিহি ও কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চান। এ লক্ষ্য বাস্তবায়নে ইউনিয়নের সর্বস্তরের মানুষের সহযোগিতা, পরামর্শ ও দোয়া কামনা করেন তিনি।
উল্লেখ্য, মুহাম্মাদ শাহজালাল মিয়া পিরোজপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহসভাপতি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি জামায়াত সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা চালাচ্ছেন।