
নিজস্ব প্রতিবেদক | সোনারগাঁ
২৩ মার্চ, সোমবার নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চরসফিখাঁ এলাকায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ঘুড়ি খেলা।

স্থানীয় যুবসমাজ ও ক্রীড়াপ্রেমীদের উদ্যোগে আয়োজিত এ খেলায় অংশগ্রহণ করে দুটি দল—লাল দল ও কালো দল।
এ খেলায় লাল দল হিসেবে অংশগ্রহণ করে ছোট কাজিরগা চরসফিখা এলাকার খেলোয়াড়রা এবং কালো দল হিসেবে অংশ নেয় বাড়ি গন্ধব এলাকার প্রতিযোগীরা।

বিকেলজুড়ে আকাশজুড়ে রঙিন ঘুড়ির লড়াই দেখতে ভিড় জমায় বিভিন্ন বয়সের মানুষ। শিশু-কিশোর থেকে শুরু করে প্রবীণরাও উপভোগ করেন এই প্রাণবন্ত আয়োজন, যা গ্রামীণ ঐতিহ্যকে নতুন করে স্মরণ করিয়ে দেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ও ক্রীড়াপ্রেমী জনাব আতাউর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, “যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এমন আয়োজন তরুণদের সুস্থ বিনোদনের পাশাপাশি সামাজিক বন্ধনও দৃঢ় করে।”
উপস্থিত অতিথিদের মধ্যে আরও ছিলেন সোনারগাঁ পৌরসভা বিএনপির সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন এবং ৫ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন-অর-রশিদ হিরন,৭ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আল-ইয়াফি প্রধান।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এমন ঐতিহ্যবাহী ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে।
এ ধরনের আয়োজন গ্রামীণ সংস্কৃতি সংরক্ষণে যেমন ভূমিকা রাখে, তেমনি যুব সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতেও সহায়ক বলে মনে করছেন সচেতন মহল।